নোয়াখালীতে নারী হেনস্থার অভিযোগে ছাত্রশিবিরের স্মারকলিপি প্রদান

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাটখিল ও সোনাইমুড়ী উপজেলায় বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হচ্ছে, যা সুষ্ঠু নির্বাচনী পরিবেশের জন্য উদ্বেগজনক।

মুহাম্মদ হানিফ ভুঁইয়া, নোয়াখালী অফিস

Location :

Noakhali
স্মারকলিপি প্রদান
স্মারকলিপি প্রদান |নয়া দিগন্ত

নোয়াখালীর চাটখিল ও সোনাইমুড়ী উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারী হেনস্থাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে সহকারি রিটার্নিং অফিসার নাসরিন আক্তারের নিকট স্মারকলিপি পেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাটখিল উপজেলা শাখা।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের এ স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাটখিল উপজেলা শাখার সভাপতি ইয়াছিন আরাফাত ও সোনাইমুড়ী উপজেলা শাখার সভাপতি জুনায়েদ হোসেন উল্লেখ করেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাটখিল ও সোনাইমুড়ী উপজেলায় বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হচ্ছে, যা সুষ্ঠু নির্বাচনী পরিবেশের জন্য উদ্বেগজনক।

স্মারকলিপিতে উত্থাপিত অভিযোগগুলোর মধ্যে রয়েছে—সর্বপর্যায়ে নারী হেনস্থা বন্ধ করা ও হেনস্থাকারীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করা, একটি নির্দিষ্ট দলের পক্ষ থেকে সাধারণ ভোটার ও নির্বাচনী এজেন্টদের হুমকি-ধমকি প্রদান বন্ধ করা এবং এ ধরনের সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ।

এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগও উল্লেখ করা হয়। এর মধ্যে নির্ধারিত সময়ের পূর্বে মাইকিং, রঙিন ব্যানার-ফেস্টুন সাঁটানো, নগদ অর্থ বিতরণসহ নানা কর্মকাণ্ডের মাধ্যমে নির্বাচনী পরিবেশ ঘোলাটে করার চেষ্টা চলছে বলে স্মারকলিপিতে বলা হয়।

স্মারকলিপিতে আরো অভিযোগ করা হয়, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ দলীয়ভাবে সক্রিয় হয়ে নির্বাচন বানচালের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এ বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা উত্তর ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম, জেলা দফতর সম্পাদক আমিমুল এহসান ফাহাদ, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রশিবিরের অর্থ সম্পাদক রায়হান বিন রফিক, জেলা উত্তর প্রকাশনা সম্পাদক আব্দুর রহিম, নোয়াখালী সরকারি কলেজ সভাপতি নাজিম মাহমুদ শুভসহ চাটখিল উপজেলা ও পৌরসভা ছাত্রশিবিরের নেতাকর্মীরা।