নিক্সন চৌধুরীর বিশেষ অ্যাজেন্ডা বাস্তবায়ন করছেন স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ : বাবুল

‘আমাদের কাছে তথ্য রয়েছে, স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগ ও তার সমর্থকরা প্রকাশ্যে নিক্সন চৌধুরীর সহযোগী নজরুলসহ কয়েকজনের সহযোগিতায় লুটের কালো টাকা দিয়ে রাতের অন্ধকারে গাড়ি বহর নিয়ে এলাকায় ঘোরাফেরা করছেন। নিক্সন চৌধুরী যেই টাকা ছড়াচ্ছে এবং তার লোকগুলো যেই তৎপরতা চালাচ্ছে তাতে নির্বাচনের পরিবেশ নষ্ট করছে।’

হারুন আনসারী, ফরিদপুর

Location :

Faridpur
সংবাদ সম্মেলন করছেন ফরিদপুর-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম বাবুল
সংবাদ সম্মেলন করছেন ফরিদপুর-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম বাবুল |নয়া দিগন্ত

ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনে বিএনপি মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম বাবুল অভিযোগ করেছেন, ‘স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগ নির্বাচন করতে আসেননি; বরং আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি নিক্সন চৌধুরীর বিশেষ অ্যাজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করছেন।’

তিনি বলেন, ‘তারা প্রচুর পরিমাণে কালো টাকা ছড়িয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করছে। প্রকাশ্যে অবৈধ অস্ত্র নিয়ে স্বতন্ত্র প্রার্থীর ভাই মহড়া দিচ্ছে। এ বিষয়ে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি। অন্যথায় কিছু হলে এর দায় আমার দল নেবে না।’

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে সদরপুরের কাঠপট্টিস্থ বাসভবনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব অভিযোগ করেন তিনি।

শহিদুল ইসলাম বাবুল বলেন, ‘স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগ নির্বাচন করতে আসেননি, নির্বাচন বানচাল করতে এসেছেন। এই অবস্থার নিরসন না হলে হানাহানির রাজনীতির অবসান হবে না। এ ব্যাপারে আমি নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দাখিল করব।’

তিনি বলেন, ‘এ আসনে নিক্সন চৌধুরী একাধিকবার এমপি ছিলেন। তার অনেক লোকও রয়েছেন। তাদের নিয়ে নির্বাচন বানচাল করার জন্য তিনি একাধিকবার জুম মিটিং, গ্রুপ মিটিং করেছেন। তার কাছে প্রচুর কালো টাকা আছে। এই কালো টাকা ব্যবহার করে নির্বাচন ম্যানিপুলেট করছেন।’

তিনি আরো বলেন, ‘আমাদের কাছে তথ্য রয়েছে, স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগ ও তার সমর্থকরা প্রকাশ্যে নিক্সন চৌধুরীর সহযোগী নজরুলসহ কয়েকজনের সহযোগিতায় লুটের কালো টাকা দিয়ে রাতের অন্ধকারে গাড়ি বহর নিয়ে এলাকায় ঘোরাফেরা করছেন। নিক্সন চৌধুরী যেই টাকা ছড়াচ্ছে এবং তার লোকগুলো যেই তৎপরতা চালাচ্ছে তাতে নির্বাচনের পরিবেশ নষ্ট করছে।’

গত ১ ফেব্রুয়ারি স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগ এক সংবাদ সম্মেলনে হামলার যে অভিযোগ করেছেন তা স্পষ্ট মিথ্যাচার এবং সুপরিকল্পিত প্রোপাগান্ডা বলেও অভিযোগ করেন বিএনপি প্রার্থী বাবুল।

তিনি বলেন, ‘এর একমাত্র উদ্দেশ্য হলো নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে বানচাল করা এবং জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানো। এছাড়া মুজাহিদ বেগ এবারের নির্বাচনকে ইতিহাসের নিকৃষ্টতম নির্বাচন হিসেবে আখ্যায়িত করে ‘২৪ সালের ডামি নির্বাচনকে বৈধতা দেয়ার চেষ্টা করছেন।’

এ সময় শহিদুল ইসলাম বাবুল স্বতন্ত্র প্রার্থীর ভাই পান্না বেগ ও সজিব বেগের বিরুদ্ধে প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া দেয়ার অভিযোগ করে অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান। অন্যথায় কিছু হলে এর দায় তারা নিবেন না।

শহিদুল ইসলাম বাবুল বলেন, ‘বিগত আন্দোলনগুলোর সময় নিক্সন চৌধুরী যেসব অপকর্ম করেছিল, এখনও মুজাহিদ বেগকে সহায়তা করে ঠিক সেই একই পথে হাঁটছেন। প্রতিদিন শত শত মানুষকে ফোন করে ভয়-ভীতি দেখানো হচ্ছে, প্রলোভন দেয়া হচ্ছে। নারীদের বাড়ি বাড়ি গিয়ে টাকা দিয়ে ভোট চাওয়া হচ্ছে। এসব তথ্য ভিডিওসহ গণমাধ্যমেও এসেছে। যিনি নিজে আওয়ামী লীগের সাথে হাত মিলিয়ে কাজ করছেন, তিনিই অন্যদের আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ করছেন!’

এ সময় উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা বিএনপির সভাপতি বদরুজ্জামান, চরভদ্রাসন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বাদল আমীন, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি সেলিম খন্দকার, জেলা কৃষকদের সেক্রেটারি মুরাদ হোসেন, মহানগর কৃষকদলের আহ্বায়ক মামুন অর রশীদ মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দ।