ফেনীর দাগনভূঞা উপজেলার মাতুভূঞায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে দলীয় প্রার্থী আবদুল আউয়াল মিন্টুর সমর্থনে এক বিশাল নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার মাতুভূঞা ইউনিয়নের বটতলা বাজার থেকে শুরু হয়ে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বটতলা বাজারে এসে সমাবেশে মিলিত হয়।
এদিন জুমার নামাজের পর থেকেই মাতুভূঞার বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে নেতাকর্মীরা বটতলা বাজারে জড়ো হতে থাকেন। পরে সাবেক ছাত্রনেতা পলাশের নেতৃত্বে বিশাল নির্বাচনী মিছিল বের করা হয়।
মিছিলে নেতাকর্মীরা আবদুল আউয়াল মিন্টুর পক্ষে বিভিন্ন স্লোগান দিয়ে পুরো এলাকা মুখরিত করে তোলে।
মিছিলে দাগনভুঞা উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুল উদ্দিন, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সামছুল হক নকু মেম্বার, উপজেলা যুবদলের সদস্য হারিছ আহমদ পেয়ার, নাছির উদ্দীন, স্বেচ্ছাসেবক দলের উপজেলা কমিটির সদস্য এইচ এ রাহাদসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে মতিউর রহমান চৌধুরী পলাশ বলেন, ‘আবদুল আউয়াল মিন্টু ফেনীর মাটি ও মানুষের নেতা। তার হাত ধরে দাগনভূঞা ও সোনাগাজীর উন্নয়ন ত্বরান্বিত হবে। গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আবদুল আউয়াল মিন্টুর কোনো বিকল্প নেই। আজকের এ গণজোয়ার প্রমাণ করে মাতুভূঞার মানুষ ধানের শীষ ও মিন্টু সাহেবের পক্ষে ঐক্যবদ্ধ।’



