টেকনাফে বাস-টমটম সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ৮

সকালে দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা টমটমকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই টমটম চালক সাবের মিয়া ও মুনতাহা মারা যান। সংঘর্ষের তীব্রতায় টমটমটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায় এবং এতে থাকা যাত্রীরা সড়কের ওপর ছিটকে পড়েন।

হুমায়ুন কবির জুশান, উখিয়া (কক্সবাজার)

Location :

Teknaf
সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত
সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত |নয়া দিগন্ত গ্রাফিক্স

কক্সবাজারের টেকনাফ উপজেলায় যাত্রীবাহী বাস ও টমটমের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত আটজন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে চিকিৎসকরা আশঙ্কা প্রকাশ করেছেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নাটমোড়া পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদা এলাকার বাসিন্দা লোকমান হাকিমের ছেলে ও টমটম চালক সাবের মিয়া ওরফে লালু ও একই ইউনিয়নের পশ্চিম ফুলের ডেইল গ্রামের বাসিন্দা আবুল হোসেনের মেয়ে মুনতাহা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা টমটমকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই টমটম চালক সাবের মিয়া ও মুনতাহা মারা যান। সংঘর্ষের তীব্রতায় টমটমটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায় এবং এতে থাকা যাত্রীরা সড়কের ওপর ছিটকে পড়েন। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।

তবে দুর্ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানোর কারণে কয়েকজন গুরুতর আহতের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের মধ্যে কয়েকজনকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, গুরুতর আহত কয়েকজনের অবস্থা এখনো স্থিতিশীল নয়। দুর্ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। নিহতদের পরিবারে চলছে আহাজারি। বিশেষ করে অল্প বয়সী যাত্রী মুনতাহার মৃত্যুতে এলাকাজুড়ে ব্যাপক শোকের সৃষ্টি হয়েছে।

দুর্ঘটনার পর সড়কটিতে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পুলিশ দুর্ঘটনার কারণ তদন্ত করছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে।