আসন্ন ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এবং ১১ দলীয় জোট সমর্থিত সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানী বলেছেন, ছাতক ও দোয়ারাবাজার- দুই উপজেলার মানুষের জীবনমানের উন্নতি করতে আমাদের কিছু পরিকল্পনা রয়েছে। ছাতক-দোয়ারা নিয়ে এসব উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ চাই।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় দোয়ারাবাজার উপজেলার স্থানীয় বাংলাবাজারে দাঁড়িপাল্লার সমর্থনে আয়োজিত গণমিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুস সালাম মাদানী বলেন, জামায়াতে ইসলামী নির্বাচিত হয়ে ক্ষমতায় গেলে ছাতক ও দোয়ারাবাজার উপজেলার মানুষ বৈষম্যমুক্ত উন্নয়ন পাবে। স্বাধীনতার ৫৪ বছরেও অবহেলা আর অনিয়মের কারণে রাষ্ট্রীয় সেবা থেকে বঞ্চিত ছাতক-দোয়ারার মানুষ। তাদের দুর্ভোগ লাঘবে কেউ কাজ করেনি। যারাই ক্ষমতায় গিয়েছে লুটেপুটে খেয়েছে।
তিনি আরো বলেন, এই দুই উপজেলার মানুষের শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, খাদ্য, কর্মসংস্থান, রাস্তাঘাটসহ সার্বিক উন্নয়নে আমরা কিছু পরিকল্পনা হাতে নিয়েছি। নির্বাচিত হলে এসব উন্নয়ন বাস্তবায়ন হবে। জামায়াতে ইসলামী ক্ষমতায় মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করব।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সুনামগঞ্জ-৫ আসনে সংগঠনটির মনোনয়ন প্রত্যাশী মাওলানা সাদিক সালিম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক সুলতান আহমদ, সুনামগঞ্জ জেলা জামায়াতের মজলিসে শূরা সদস্য মাওলানা আব্দুস সাত্তার, দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডা: আব্দুল কুদ্দুস, উপজেলা জামায়াতের আমির ডা: হারুনুর রশিদ, সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসাইনসহ বাংলাবাজার ইউনিয়ন জামায়াতের এবং অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী।



