মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা
কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের বিএনপি প্রার্থী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদের ছোট ভাই কাজী শাহ আবু কাউছার আহমেদ বলেছেন, ‘এবারের নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন। এ নির্বাচনকে পুঁজি করে যেন আমাদের দেশটাকে কেউ শেষ না করতে পারে। দেশ, মুসলমান, কওমি মাদরাসা ও তাবলিগ জামাতের অস্তিত্ব যেন শেষ করে দিতে না পারে, সেজন্য এ নির্বাচনে কায়কোবাদ দাদাকে ভোট দিয়ে নির্বাচিত করুন। ’
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে মুরাদনগর উপজেলার সদর ইউনিয়নের হিরারকান্দা উত্তর পাড়ায় আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কাজী শাহ আবু কাউছার আহমেদ বলেন, ‘এ নির্বাচনটা জাতির জন্য, দেশকে টিকিয়ে রাখার জন্য ও এখানে একটি নিরাপদ রাষ্ট্র থাকার জন্য গুরুত্বপূর্ণ নির্বাচন। এ নির্বাচনে যদি আমরা ভুল করি, আমরা যদি প্রতারিত হই, তাহলে আমরা অনেক বড় ধরনের ভুল করে ফেলব। তাই, এ ব্যাপারে সবাইকে সজাগ থাকার জন্য আমি অনুরোধ করছি। আপনারা তাদের প্রতারণার ফাঁদে পা দিয়ে প্রতারিত হবেন না।’
তিনি বলেন, ‘কোরআন, হাদিস, আল্লাহ ও তাঁর রাসূল সা:-এর জন্যে আমরা আমাদের জীবনকে উৎসর্গ করে দিতে পারি। কিন্তু এগুলোকে পুঁজি করে জান্নাতের টিকিট বিক্রি করে কারো ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হতে আমরা রাজি নই।’
তিনি আরো বলেন, ‘একটি দল বলে, একটি ভোট দিলে ১৮ কোটি মানুষের সওয়াব পাবেন, কবরের সওয়াল-জওয়াব সহজ হয়ে যাবে। তারা ইসলামকে বিকৃত করছে। আপনারা তাদের এ ধরনের কথায় বিভ্রান্ত হবেন না। সবকিছুর মালিক হলেন আল্লাহ। তারা ক্ষমতার জন্য তাদের লোগো থেকে আল্লাহর নামটাই বাদ দিয়ে দিচ্ছে। এখন বোঝেন, তারা ইসলামকে কতটুকু ধারণ করে?’
উপস্থিত মহিলাদের উদ্দেশে তিনি বলেন, ‘তারা জানে, আমাদের মা-বোনেরা অনেক নরম মনের মানুষ। ধর্মকে পুঁজি করে আমাদের মা-বোনদেরকে বিভ্রান্ত করতে তারা কঠিন মিশনে নেমেছেন। আপনারা তাদের এ বিভ্রান্তিকর ফাঁদে পা দেবেন না।’
মাওলানা অহিদুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিনের সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআর সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুল্লাহ হক, মাওলানা আশরাফ উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী মোহাম্মদ আলী, বিএনপি নেতা খলিলুর রহমান, সাবেক ইউপি সদস্য ফিরুজ মিয়া, আব্দুল বাতেন, আব্দুর রহমান, মোর্শেদ আলম, কবির হোসেন, দেলোয়ার হোসেন, ফুল মিয়া, মাহাবুব মাস্টার প্রমুখ।



