ঢাকার আশুলিয়ায় পুলিশ পরিচয়ে মহাসড়ক থেকে রডবোঝাই ট্রাক ডাকাতির ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ। সেইসাথে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ঢাকার কেরানীগঞ্জ ও সাভার থেকে উদ্ধার করা হয় লুণ্ঠিত রড ও ট্রাক।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রুবেল হাওলাদার।
গ্রেফতার হওয়া চারজন হলেন— মো: সোহেল (২৬), মো: বিজয় (২৮), মো: মানিকুল (৪১) ও মো: সাইদুল ইসলাম (৩৫)।
মামলা সূত্রে জানা যায়, গত ৩০ জানুয়ারি রাত সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জের মদনপুর জাঙ্গল বাসস্ট্যান্ড এলাকা থেকে বিএসআরএম-এর ১৩ টন রড ট্রাকযোগে টাঙ্গাইলের দেলদুয়ার থানার নাটিয়াপাড়া এলাকার ‘আনোয়ার অ্যান্ড ব্রাদার্স’ প্রতিষ্ঠানে পাঠানো হয়। রডবোঝাই করে ট্রাকচালক মো: আসলাম উদ্দিন ৩১ জানুয়ারি ভোর সাড়ে ৩টার দিকে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় আকাশ টিভির শোরুমের সামনে পৌঁছালে সাত-আটজনের একটি ডাকাতদল নিজেদের পুলিশ পরিচয় দেন। এরপর কৌশলে ট্রাক থামিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে ট্রাকসহ রড লুণ্ঠন করে নিয়ে যান।
রডের বাজারমূল্য প্রায় ১৩ লাখ টাকা এবং ব্যবহৃত ট্রাকের মূল্য প্রায় ৪৬ লাখ টাকা বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা হয়। এরপর ঘটনার তদন্তে নেমে আশুলিয়া থানার এসআই মো: আনোয়ার হোসেন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে সাভার এলাকা থেকে চারজনকে গ্রেফতার করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, লুণ্ঠিত রডের একটি অংশ সাইদুল ইসলামের ব্যবসা প্রতিষ্ঠানে মজুদ রয়েছে। পরে সাভার থানাধীন সোলাই মার্কেট, কান্দি ভাকুতা বাজারস্থ ‘মেসার্স জাকারিয়া এন্টারপ্রাইজ’ থেকে পাঁচ হাজার ৩০০ কেজি রড উদ্ধার করা হয়।
পরবর্তীতে তাদের দেয়া আরো তথ্যের ভিত্তিতে আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ভোররাতে কেরানীগঞ্জ মডেল থানার বড়াইকান্দি গ্রামের একটি পরিত্যক্ত কলমি ক্ষেত থেকে সাত হাজার ২০০ কেজি রড উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া রডের মোট পরিমাণ দাঁড়ায় ১২ হাজার ৫০০ কেজি।
পুলিশ জানিয়েছে, লুণ্ঠিত বাকি মালামাল উদ্ধারে ও ঘটনার সাথে জড়িত অন্যদের শনাক্তে গ্রেফতার চার আসামির সাত দিনের পুলিশ রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।



