বোয়ালমারীতে জামায়াত আমির

আলেম ও সংখ্যালঘুরা নিরাপত্তাহীনতায় ভোগা রাষ্ট্রব্যবস্থার পরিবর্তন জরুরি

‘আজ দেশে ন্যায়বিচারের অভাব স্পষ্ট। যে বিচার সাধারণ মানুষের জন্য প্রযোজ্য, সেই একই বিচার দেশের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর ক্ষেত্রেও প্রযোজ্য হতে হবে। ’

Location :

Boalmari
আজ বোয়ালমারীতে নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান
আজ বোয়ালমারীতে নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান |ছবি : নয়া দিগন্ত

ইকবাল হোসেন লিমন, বোয়ালমারী (ফরিদপুর)
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান বলেছেন, যে দেশে আলেম-উলামা নির্যাতনের শিকার হন বা সংখ্যালঘু জনগোষ্ঠী নিরাপত্তাহীনতায় ভোগে, সেই রাষ্ট্রব্যবস্থার পরিবর্তন জরুরি।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফরিদপুরের বোয়ালমারীর জর্জ একাডেমির খেলার মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এ সময় ডা: শফিকুর রহমান বলেন, শুধু রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ার কারণেই কাউকে দমন-পীড়ন, গুম, খুন, আয়নাঘরে পাঠানো বা মিথ্যা মামলায় হয়রানি করা হবে, এমন বাংলাদেশ আমরা চাই না।

তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত হলে কারো সাথে বেইনসাফি করা হবে না। ভোটের মাধ্যমেই একটি নতুন বাংলাদেশের জন্ম হবে, যেখানে ন্যায়বিচার হবে সর্বজনীন।

তিনি স্পষ্ট করে জানান, তারা কেবল জামায়াতে ইসলামীর বিজয় চান না; বরং পরিবারতান্ত্রিক শাসনব্যবস্থার বিলুপ্তি ও কোটি মানুষের ঐক্যবদ্ধ বিজয়ই তাদের লক্ষ্য।

জামায়াত আমির বলেন, যুবকদের ভিক্ষুক বানিয়ে নয়; বরং যোগ্যতা, শিক্ষা ও নৈতিকতার ভিত্তিতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেই একটি মর্যাদাশীল জাতি গড়ে তুলতে হবে। দুর্নীতি, চাঁদাবাজি, নারী নিপীড়ন ও অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আজ দেশের যুব সমাজ জেগে উঠেছে। দেশের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতেই তার প্রমাণ মিলেছে।

ন্যায়বিচার প্রসঙ্গে জামায়াত আমির বলেন, আজ দেশে ন্যায়বিচারের অভাব স্পষ্ট। যে বিচার সাধারণ মানুষের জন্য প্রযোজ্য, সেই একই বিচার দেশের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর ক্ষেত্রেও প্রযোজ্য হতে হবে।

অপরাধী যেই হোক, তার পরিচয় দেখে নয়, অপরাধ দেখেই বিচার নিশ্চিত করাই জামায়াতের রাজনৈতিক অঙ্গীকার। পাশাপাশি এমন একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থাই বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বলেও জানান ডা: শফিকুর রহমান।

জনসভায় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা জামায়াতের আমির মাওলানা বদরুদ্দীন, ফরিদপুর-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ড. ইলিয়াস মোল্লা, সাবেক জাকসু জিএস মাজহারুল ইসলামসহ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সভায় সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা জামায়াতের নায়েবে আমির আবু হারিচ মোল্লা।