ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী জনসভায় যোগ দিতে আজ শুক্রবার ফরিদপুর আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান। ফরিদপুর-১ আসনের বোয়ালমারী এবং ফরিদপুর-৩ আসনের জেলা সদরে দু’টি জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দিবেন তিনি। কেন্দ্রীয় আমিরের আগমন উপলক্ষে দলের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) শহরের চকবাজারস্থ জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান হয়।
সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের আমির মো: বদরউদ্দিন জানান, শুক্রবার বিকেল সাড়ে ৪টায় ফরিদপুরের রাজেন্দ্র কলেজ মাঠে জেলা জামায়াতের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় আমির ডা: শফিকুর রহমান। এর আগে তিনি বোয়ালমারী উপজেলা জামায়াতের উদ্যোগে বোয়ালমারী স্টেডিয়ামে আয়োজিত জনসভায় যোগ দিবেন।
মো: বদরউদ্দিন বলেন, ‘ফরিদপুরের জনসমাবেশে কেন্দ্রীয় আমির ডা: শফিকুর রহমান আসন্ন নির্বাচন কেন্দ্র করে দিকনির্দেশনামুলক গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন। ফরিদপুরের জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে তার বক্তব্যে। এর মধ্যে ফরিদপুরকে বিভাগ ঘোষণা ও সিটি করপোরেশন বাস্তবায়ন এবং এখানে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপন ছাড়াও গণমানুষের অর্থনৈতিক উন্নতিকল্পে জামায়াতের ইশতেহারের কথা তুলে ধরবেন। শুধু প্রতিশ্রুতির মধ্যেই সীমাবদ্ধ না থেকে বাস্তবতার নিরিখে সম্ভাব্য বিষয়গুলো ফুটে উঠবে তার বক্তব্যে।’
সংবাদ সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় শুরার সদস্য ও ফরিদপুর ৩ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য প্রার্থী অধ্যাপক আব্দুত তাওয়াব, জেলা জামায়াতের নায়েবে আমির ইমতিয়াজ আহমেদ, সেক্রেটারি আব্দুল ওহাবসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
বোয়ালমারী প্রতিনিধি জানান, শুক্রবার বিকেল ৪টায় বোয়ালমারী স্টেডিয়ামে উপজেলা জামায়াতের উদ্যোগে ফরিদপুর-১ আসনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান। এ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।
পৌর জামায়াতের আমির সৈয়দ নিয়ামুল হাসান বলেন, ‘বোয়ালমারীর রাজনৈতিক ইতিহাসে এটি একটি স্মরণীয় জনসভা হতে যাচ্ছে। বোয়ালমারী, মধুখালী ও আলফাডাঙ্গা উপজেলার সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে এ জনসভায় অংশ নেবেন, ইনশাআল্লাহ।’
তিনি আরো বলেন, ‘আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনে এই জনসভা ইতিবাচক প্রভাব ফেলবে।’



