আগামী ১৩ ফেব্রুয়ারি এক নতুন বাংলাদেশের জন্ম হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান।
তিনি বলেন, ‘এই নতুন বাংলাদেশ এখনকার চেয়ে বড় বা ছোট হবে না। এই বাংলাদেশই থাকবে, কিন্তু তার চরিত্র পাল্টে যাবে। এটি হবে জনকল্যাণমূলক বাংলাদেশ।’
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বরিশালের হিজলা-মেহেন্দিগঞ্জ আসনে আরসি কলেজ মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
জামায়াত আমির আরো বলেন, ‘যে অপরাধে একজন সাধারণ মানুষের বিচার এবং শাস্তি হবে, সেই অপরাধ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী করলেও তাদেরকে ছাড় দিয়ে কথা বলা হবে না। এদেরকেও বিচারের আওতায় আনা হবে।’
তিনি বলেন, ‘আমরা দুর্নীতির পাতা আর ডাল ধরে টান দেব না, আমরা দুর্নীতির ঘাড় ধরে টান দেব। জনগণকে তাদের পাশে থেকে সেবা দেয়ার জন্যই আমরা কাজ করবো।’
তিনি বলেন, ‘১২ তারিখে প্রথম ভোট হবে গণভোট।’
এ সময় ‘হ্যাঁ’ বলার জন্য সকলের প্রতি আহ্বান জানান ডা” শফিকুর রহমান।
জামায়াতের আমির বলেন, ‘জামায়াতে ইসলামী চেষ্টা করেছে দলটাকে সামাল দেয়ার। সুযোগ দিলে সকলের আস্থার প্রতিদান দেয়া হবে। আমরা জান-প্রাণ দিয়ে চেষ্টা চালিয়ে যাবো।’
এ সময় তিনি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী ও ১১ দলের শরীর প্রার্থীদের পক্ষে ভোট চান।
পরে বরিশালের সংসদীয় পাঁচটি আসনের প্রার্থীদের ভোটার ও নেতা-কর্মীদের সাথে পরিচয় করিয়ে দেন।
এ সময় ১১ দলীয় জোটের বরিশাল-৩ আসনের প্রার্থী এবি পার্টি’র সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ উপস্থিত ছিলেন।
সূত্র : বাসস



