কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস চাপায় এক নারী ও তার পাঁচ বছর বয়সী শিশু নিহত হয়েছেন। তাদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
শনিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার মহাসড়কের দাউদকান্দি ও চান্দিনা উপজেলার সীমান্তবর্তী ইলিয়টগঞ্জ মুরাদনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই নারী তার শিশুটিকে কোলে নিয়ে কুমিল্লা থেকে ছেড়ে আসা পাপিয়া সার্ভিস বাস থেকে নামেন। এ সময় পেছন দিক থেকে আসা একটি বাস তাদের চাপা দেয়। পরে বাসটির সাথে রাস্তার পাশে থাকা একটি মিনি কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়। এতে কাভার্ডভ্যানটির পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে দাউদকান্দি উপজেলার গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করা হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, ঘাতক বাস ও ক্ষতিগ্রস্ত কাভার্ডভ্যান থানায় নেয়া হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



