রাজধানী ডেমরা থানা এলাকার নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর ১টার দিকে অচেতন অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের নাম মোহাম্মদ শামীম (১৮)। তাকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী মো: বাবু জানান, শামীম পেশায় নির্মাণ শ্রমিক। আজ বেলা সাড়ে ১১টার দিকে ডেমরা গলাকাটায় নির্মাণাধীন একটি ভবনের দ্বিতীয় তলায় কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, নিহতের গ্রামের বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার বাঁশবুনিয়া গ্রামে। তার বাবার নাম সান্টু মাতব্বর। শামীম ওই নির্মাণাধীন ভবনেই থাকত।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে।



