রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৪০ জনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি করা হয়েছে।
সোমবার (২১ জুলাই) দুপুর আড়াইটার পরে তাদের এখানে নিয়ে আসা হয় বলে বার্ন ইনস্টিটিউ সূত্রে জানা গেছে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার শাওন বিন রহমান জানিয়েছেন, তাদের মধ্যে বেশির ভাগই শিক্ষার্থী। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।
এখনো আহতরা আসছে বলে জানিয়েছেন তিনি।
এদিকে, মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে যে ভবনটিতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে, সেই ভবনে সেই সময় স্কুলের জুনিয়র শিক্ষার্থীদের ক্লাস চলছিল বলে জানা গেছে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, স্কুলের বাগান সংলগ্ন একটি ভবনের নিচতলায় বিমানের ইঞ্জিনে আগুন জ্বলছে, সেটা নেভানোর চেষ্টা করছেন ফায়ারসার্ভিস কর্মীরা। ভবনের অন্যান্য ফ্লোর থেকে বাচ্চাদের বের করে আনা হচ্ছে।
এখন উদ্ধার কাজ চলছে, ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা সেখানে উদ্ধার কাজ চালাচ্ছে।



