মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় আরিফ (৫০) ও মামুন (৪০) নামে দু’জন নিহত হয়েছেন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কেয়টখালী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরিফ ও মামুন ঢাকার সবুজবাগ থানার উত্তর মুগদা এলাকার বাসিন্দা।
হাঁসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম মাহমুদুল হক নয়া দিগন্তকে জানান, মঙ্গলবার সাড়ে ১১টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনের কেয়টখালী নামক স্থানে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ের সাথে ধাক্কা খায়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই আরিফ ও মামুনের মৃত্যু হয়। প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ এটিই ধারণা করা হচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।



