রাজশাহীর বাঘায় গরুবাহী ভটভটির সাথে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও দু’জন আহত হয়েছেন।
সোমবার (৯ মার্চ) সকাল ৭টার দিকে বাঘা-লালপুর সড়কের উপজেলার চন্ডিপুরের হজরত আলীর বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- নাটোরের লালপুরের নওপাড়া গ্রামের অটোরিকশার ড্রাইভার শরিফুল ইসলাম (৪৫), অটোরিকশার যাত্রী লালপুরের বধুপাড়া গ্রামের নিরাপদ দাসের ছেলে বিধান দাস (৫৫) এবং একই উপজেলার আন্দী গ্রামের নাজিম উদ্দিনের স্ত্রী রকেনা বেগম (৯০)। আহতরা হলেন- আন্দী গ্রামের নাজিম উদ্দিনের ছেলে শাহাজান আলী (৩৫) এবং চকবাদুড়িয়া গ্রামের আবদুল হান্নানের স্ত্রী সীমা বেগম (৫০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, লালপুরের নওপাড়া গ্রামের সিএনজিচালিত অটোরিকশা যাত্রী নিয়ে বাঘার উদ্দেশে যাচ্ছিলেন। অটোরিকশাটি বাঘা-লালপুর সড়কের উপজেলার চন্ডিপুরের হজরত আলীর বাড়ির সামনে পৌঁছালে বাঘা থেকে ছেড়ে আসা একটি ভটভটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শরিফুল ইসলাম, বিধান দাস ও রকেনা বেগম নিহত হন। এছাড়া সংঘর্ষে আহত শাহাজান আলী ও সীমা বেগমকে প্রথমে উপজেলা হাসপাতাল ও পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বাঘা থানার ওসি সেরাজুল হক জানান, লালপুর থেকে একটি অটোরিকশা পাঁচজন যাত্রী নিয়ে বাঘার দিকে যাচ্ছিল। পথে অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার ড্রাইভারসহ তিনজন নিহত হন। লাশ উদ্ধার করে থানার আনা হয়েছে। অটোরিকশা ও ভটভটি উদ্ধার করা হয়েছে। আইনি ব্যবস্থা নেয়া হবে।



