মুন্সীগঞ্জের শ্রীনগরে অজ্ঞাতনামা একটি গাড়ির ধাক্কায় ঢাকাগামী একটি পিকআপ ভ্যানের চালক ও হেলপার নিহত হয়েছেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোরে নিমতলা আন্ডারপাসের ওপর এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- যশোর জেলার কোতোয়ালী থানার বালিয়াডাঙ্গা এলাকার মিজানুর রহমানের ছেলে পিকআপচালক সুজন (৩৭) এবং খুলনার ডুমুরিয়া উপজেলার জীবনের ছেলে হেলপার ইছারুল। ইছারুল বর্তমানে যশোরে বসবাস করতেন।
স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, যশোর থেকে কাঁচা মালামাল বোঝাই করে ঢাকার উদ্দেশ্যে আসছিল পিকআপটি। রাত ২টার পর নিমতলা আন্ডারপাস এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি গাড়ি সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালক নিহত হন। গুরুতর আহত অবস্থায় হেলপারকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর অজ্ঞাতনামা গাড়িটি দ্রুত পালিয়ে যায় এবং পিকআপটি বর্তমানে হাঁসাড়া হাইওয়ে থানায় রাখা হয়েছে।
শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা: নিলয় বিষয়টি নিশ্চিত করেন।
শ্রীনগর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায়।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট হাইওয়ে পুলিশ।



