ডোমারে নসিমন-মোটরসাইকেলের সংঘর্ষে আরোহী নিহত

নসিমন ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানায় পুলিশ।

নীলফামারী প্রতিনিধি

Location :

Nilphamari
নসিমন-মোটরসাইকেলের সংঘর্ষে আরোহী নিহত
নসিমন-মোটরসাইকেলের সংঘর্ষে আরোহী নিহত |নয়া দিগন্ত

নীলফামারীর ডোমার-জলঢাকা সড়কে নসিমন ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী শাহাজান ইসলাম (২০) নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরো দু’জন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১৭ আগস্ট) সকাল ১০টার দিকে ডোমার-জলঢাকা সড়কের তিনবট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহাজান ডিমলা উপজেলার আমডাঙ্গা এলাকার সাইফুল ইসলামের ছেলে। তিনি এবারের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আহতরা হলেন মোটরসাইকেল চালক মমিনুর ইসলাম ও লোকমান হোসেন।

স্থানীয়রা জানায়, শাহাজান তার চাচা ও ফুফার সাথে ডিমলা থেকে মোটরসাইকেলে করে নীলফামারী পাসপোর্ট অফিসে যাচ্ছিলেন। তিনবট বাজার এলাকায় পৌঁছালে ডোমার বসুনিয়া হাটগামী গরুবোঝাই একটি নসিমনের সাথে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে নসিমনটি মোটরসাইকেলের ওপর উল্টে পড়ে ও তিনজন চাপা পড়েন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে ডোমার উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহাজানকে মৃত ঘোষণা করেন। আহত মমিনুর ও লোকমানকে প্রথমে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

নিহতের চাচা জাহিদুল ইসলাম বলেন, ‘শাহাজান এবার এসএসসি পাস করেছেন। কিছুদিনের মধ্যে তার মালয়েশিয়া যাওয়ার কথা ছিল। তিনি তার বাবা-মায়ের একমাত্র সন্তান ছিলেন।’

ডোমার থানার উপ-পরিদর্শক (এসআই) কাওছার আলম শাহাজানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’