রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যানে চন্দ্রিমা মডেল টাউনের একটি ৩ তলা বাসার ছাদে ফুলের টবে পানি দেয়ার সময় মো: সুরুজ শেখ (৪০) নামের এক নিরাপত্তাকর্মী নিচে পড়ে নিহত হয়েছেন।
বুধবার (৫ আগস্ট) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মো: সুরুজ শেখের বাড়ি টাঙ্গাইল জেলার নাগরপুর থানার বাজুয়াবটেক গ্রামে। তার বাবার নাম ভাদুরি শেখ। বর্তমানে তিনি মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউনের ওই বাসায় থাকতেন। তার তিন ছেলেমেয়ে রয়েছে।
নিহত সুরুজের ভাতিজা মোহাম্মদ বাবু জানান, আমার চাচা পেশায় একজন নিরাপত্তাকর্মী। সকালে বাসার ফুলের টবে পানি দেয়ার সময় অসবধানতাবশত হঠাৎ ওপর থেকে নিচে পড়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবগত করা হয়েছে।



