সিলেটের গোয়াইনঘাটে ভারতীয় অবৈধ মহিষবোঝাই পিকআপের ধাক্কায় জসিম উদ্দিন (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টার দিকে গোয়াইনঘাট-সারীঘাট সড়কের পুকাশ স্কুল অ্যান্ড কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত জসিম উদ্দিন উপজেলার ৯ নম্বর ডৌবাড়ী ইউনিয়নের ঘোষগ্রামের আব্দুল হকের ছেলে এবং গোয়াইনঘাট সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। আহতরা হলেন-গিয়াস উদ্দিন সাদি (২২) ও ইয়ামিন (১৮)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে মোটরসাইকেলে করে তিনজন গোয়াইনঘাট সদর থেকে বাড়ি ফিরছিলেন। পুকাশ স্কুল অ্যান্ড কলেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ভারতীয় অবৈধ মহিষবোঝাই একটি দ্রুতগামী ডিআই পিকআপ মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি ক্ষতিগ্রস্ত হয় এবং আরোহীরা সড়কে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই জসিম উদ্দিনের মৃত্যু হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুজ্জামান জানান, ঘাতক পিকআপটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। দুর্ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



