গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভিডিও বানাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় শাওন মিয়া (৩২) নামে এক কনটেন্ট ক্রিয়েটর নিহত হয়েছেন।
সোমবার (১৭ আগস্ট) দুপুরের দিকে উপজেলার গোবিন্দগঞ্জ-রাজা বিরাট সড়কের ইসলামপুর কারেন্টের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাওন বগুড়া জেলার মোকামতলা উপজেলার দাড়িদহ সরদার পাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষর্দীরা জানান, শাওন দীর্ঘদিন থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কনটেন্ট ক্রিয়েটরের কাজ করে আসছিলেন। তিনি মোটরসাইকেল চালাতেন ও অন্যরা তার মোটরসাইকেল চালানোর ভিডিও করতো। সেই ভিডিও তিনি তার ফেসবুকে পোস্ট দিতেন।
আজ দুপুরে শাওন মোটরসাইকেল চালিয়ে ভিডিও তৈরি করছিল। এ সময় তিনি হাত ছেড়ে দিয়ে মোটরসাইকেল চালানোর সময় কিছু দূর যাওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে তিনি রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা খান। পরে আশেপাশের লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে শাওনের মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দা ওমর ফারিক রনি বলেন, ‘নিহত শাওন ভাই চলন্ত মোটরসাইকেলের হ্যান্ডেল ছেড়ে দিয়ে ভিডিও বানাতেন। এতে তার ফেসবুক পেজে প্রচুর ভিউ হতো। কিন্তু আজ একই ভিডিও বানাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। তিনি দীর্ঘদিন বিদেশে ছিলেন। সম্প্রতি বাড়িতে এসে এসব ভিডিও তৈরি শুরু করেন। পাঁচ মাস হলো তিনি বিয়ে করেছেন।’
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাম্মেল হক জানান, লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। স্বজনদের খবর পাঠানো হয়েছে। তারা আসলে লাশ হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি মামলা করা হবে।



