রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছেন মাইলস্টোন স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ওয়াকিয়া ফেরদৌস নিধি। হাসপাতাল থেকে হাসপাতাল ঘুরেও তার খোঁজ মিলছে না।
সোমবার রাত ৮টার দিকে উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজ হাসপাতালে দেখা হয় নিধির ভাই ফারুক হাসানের সাথে।
তিনি বলেন, নিধি মাইলস্টোন স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী। এ ঘটনার পর থেকেই তাকে পাওয়া যাচ্ছে না। আমরা ইতোমধ্যে ঢাকা মেডিক্যাল কলেজ, কুর্মিটোলা হাসপাতাল, কুয়েত মৈত্রী
মেডিক্যাল কলেজসহ অসংখ্য মেডিক্যাল কলেজে খোঁজ করেছি। কিন্তু তাকে পাওয়া যাচ্ছে না।
এদিকে রাত ৮টার দিকেও উত্তরা আধুনিক হাসপাতালের সামনে উৎসুক জনতার ভিড় দেখা গেছে। জরুরি রক্ত সরবরাহের জন্য বুথও বসানো হয়েছে। মাইকে ডেকে রক্ত সংগ্রহ করা হচ্ছে। হাসপাতালের গেটে রোগী আসা মাত্রই তাদের হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাচ্ছেন স্বেচ্ছাসেবকরা।



