রাজধানীর যাত্রাবাড়ীর কাজলারপাড় নতুন রাস্তা এলাকায় ভ্যানের চাপায় মোহাম্মদ জুনায়েদ (২) নামে এক শিশু নিহত হয়েছে।
রোববার (৯ আগস্ট) বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত জুনায়েদ লক্ষ্মীপুর সদর জেলা চরপলক পাটওয়ারীর হাট গ্রামের জামির হোসেনের ছেলে। বর্তমান সে যাত্রাবাড়ী কাজলারপাড় নতুন রাস্তা এলাকার একটি ভাড়া বাসায় মা-বাবার সাথে থাকত।
নিহত শিশুকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো: আজিম উদ্দিন জানান, বেলা ১২টার দিকে শিশু জুনায়েদ যাত্রাবাড়ীর কাজলারপাড় নতুন রাস্তা এলাকায় নিজ বাসাযর সামনে খেলার সময় সে হঠাৎ দৌড়ে মূল সড়কে চলে আসে। ওই সময় দ্রুতগতির একটি মালবাহী ভ্যানগাড়ি তাকে চাপা দিয়ে চলে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবগত করা হয়েছে।



