রাণীনগরে ট্রাক্টরের ধাক্কায় নিহত ২

একটি ইটবোঝাই ট্রাক্টর সামনে থাকা আরেক ইটবোঝাই ট্রাক্টরকে অতিক্রম করার সময় ওই ট্রাক্টরের সাথে ধাক্কা লাগে।

কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ)

Location :

Raninagar
দুর্ঘটনায় নিহত দুই জন
দুর্ঘটনায় নিহত দুই জন |নয়া দিগন্ত

নওগাঁর রাণীনগরে ইটবোঝাই ট্রাক্টরের সাথে আরেক ট্রাক্টরের ধাক্কায় চালক রাব্বী হোসেন (২৫) ও চালকের সহযোগী হিমেল সরদার (২৪) নিহত হয়েছেন। এ সময় আতিকুল ইসলাম (১৭) নামে আরো একজন সহযোগী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা ১১টার দিকে রাণীনগর-আবাদপুকুর সড়কের করজগ্রাম চৌধুরী মোড়ের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাব্বী উপজেলার চককুতুব গ্রামের মুসলিম উদ্দীনের ছেলে এবং সহযোগী হিমেল একই এলাকার ত্রিমোহনী গ্রামের সরদার আলীর ছেলে। আহত আতিকুল চককুতুব গ্রামের রেজাউল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শী কাজী সাখাওয়াত হোসেন জানান, ইটবোঝাই দু’টি ট্রাক্টর রাণীনগর থেকে পূর্বদিকে যাচ্ছিল। এ সময় করজগ্রাম চৌধুরীর মোড় এলাকার একটু অদূরে পৌঁছালে পেছন থেকে একটি ইটবোঝাই ট্রাক্টর সামনে থাকা আরেক ইটবোঝাই ট্রাক্টরকে অতিক্রম করার সময় ওই ট্রাক্টরের সাথে ধাক্কা লেগে উল্টে সড়কের পাশে খেজুর গাছের সাথে চাপা পড়ে। এতে একজন ইটের নিচে চাপা পড়েন এবং আরেকজন খেজুর গাছের সাথে চাপা লেগে পড়েছিলেন। একজনকে উদ্ধার করে রাণীনগর হাসপাতালে পাঠানো হয়। এরপর ফায়ার সার্ভিসের লোকজন এসে গাছের সাথে চাপা পড়া ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

মেসার্স রিফাত ইটভাটার মালিক আবু বাক্কার জানান, ভাটা থেকে ইট নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে ট্রাক্টর উল্টে চালক রাব্বী এবং সহযোগী হিমেলের মৃত্যু হয়েছে। এছাড়া আতিকুল ইসলাম নামে আরো একজন সহযোগী আহত হয়েছেন।

রাণীনগর ফায়ার সার্ভিসের স্টেশন লিডার দেলোয়ার হোসেন বলেন, ‘একজনকে গাছের সাথে চাপা পড়ে থাকা অবস্থায় স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে রাণীনগর হাসপাতালে ভর্তি করে দেই। এর আগে, স্থানীয়রা ইটের নিচে চাপা পড়া একজনকে উদ্ধার করে রাণীনগর হাসপাতালে পাঠান। সেখানে আহত দু’জনের অবস্থার অবনতি হওয়ায় নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করে।’

রাণীনগর থানার পরিদর্শক (তদন্ত) বাবলু কুমার জানান, এ ঘটনায় এখনো কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।