যশোরের শার্শায় কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার (১১ মে) সকালে নাভারন-সাতক্ষীরা মহাসড়কের উপজেলার গিলাপোল বাজারের পাশে কেবি ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার উলাশী গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে শাহিন হোসেন (৩৫) এবং আতিয়ার রহমান গাইনের ছেলে তোফাজ্জেল হোসেন (৪৫)।
যশোরের নাভারন হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল কর্মকার জানান, সোমবার সকালে শাহিন নিজের ক্ষেতের কাঁচা মরিচ বিক্রির জন্য তোফাজ্জেলের মোটরসাইকেলে করে নাভারন বাজারে যাচ্ছিলেন। নাভারন-সাতক্ষীরা মহাসড়কের গিলাপোল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সাতক্ষীরাগামী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই শাহিন ও তোফাজ্জেলের মৃত্যু হয়।
তিনি বলেন, ‘দুর্ঘটনার পরপরই চালক ও তার সহকারী কাভার্ডভ্যান ফেলে পালিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে এবং ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। কাভার্ডভ্যানের চালক ও তার সহকারীকে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।’



