রাজধানীর রামপুরা-বনশ্রী এলাকায় তেলের লরির ধাক্কায় মোহাম্মদ ইমন (২৬) নামের এক মোটরসাইকেলআরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৩টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের বন্ধু হাবিবুর রহমান জানান, নিহত ইমন মোটরসাইকেলে করে যাওয়ার সময় রামপুরা-বনশ্রী এলাকায় একটি তেলের লরি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ইমন মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, ইমনের গ্রামের বাড়ি রাজশাহী জেলায়। তার বাবার নাম মোহাম্মদ মহসিন। সে খিলগাঁওয়ের ত্রিমুনি এলাকায় থাকত। সে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করত।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো: ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে।



