রাজধানীর মগবাজারে আদ-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালের একটি ওয়ার্ডে ছয় শিশুর মৃত্যুর ঘটনায় তিন সদস্যদের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে স্বাস্থ্য বিভাগ ও সিআইডির কর্মকর্তারা রয়েছেন।
আজ বুধবার আদ-দ্বীন হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা: প্রভাত চন্দ্র বিশ্বাস এ তথ্য জানিয়েছেন।
তদন্ত কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
এছাড়া হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ড ও এনআইসিইউ’র কার্যক্রম সাময়িকভাবে বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।
এর আগে ঘটনাস্থল পরিদর্শন করে ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ সাংবাদিকদের জানান, ছয় নবজাতক শিশুদের মা-সহ ১১ জন পোস্ট অপারেটিভ রুমে অবস্থান করছিল। ঠাণ্ডা অনুভূত হওয়ায় এসি বন্ধ রাখতে অনুরোধ করেন এক মা। নার্স এক ঘণ্টার মতো এসি বন্ধ রাখেন।
তিনি আরো জানান, গরম লাগলে এসি চালু করতে বললে দুই শিশু অসুস্থ হয়ে পড়ে। এর কিছুক্ষণ পর বাকি চার শিশুও অসুস্থ হয়। এসময় চিকিৎসাধীন অবস্থায় ছয় শিশুর পর্যায়ক্রমে মর্মান্তিক মৃত্যু হয়।



