হানিফ ফ্লাইওভারে বাসের নি‌চে সিএনজি, নিহত ২

হানিফ ফ্লাইওভারের পাশে দ্রুতগামী একটি বাস বিপরীত দিক থেকে আসা সিএনজিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই শহিদুল ও ইমরান মারা যান।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Dhaka
সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা |নয়া দিগন্ত

রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন হানিফ ফ্লাইওভারের পাশে বাসের চাপায় সিএনজিচা‌লিত অ‌টো‌রিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো একজন।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিএনজিচালক শহিদুল (৫০) এবং দোকানকর্মী ইমরান (৪৮)।

অন্যদিকে আহত রফিক (৫০) বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের গুলিস্তান হেডকোয়ার্টারের কর্মকর্তা পবিত্র জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ও নিহতদের উদ্ধার করে। এরপর রাত ৯টার দিকে তাদের ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে আহত রফিক ঢামেকের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন এবং নিহতদের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

তিনি জানান, হানিফ ফ্লাইওভারের পাশে দ্রুতগামী একটি বাস বিপরীত দিক থেকে আসা সিএনজিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই শহিদুল ও ইমরান মারা যান।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো: ফারুক বলেন, ‘লাশটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।’ সূত্র : ইউএনবি