রাজধানীতে রাস্তায় জমা বৃষ্টির পানিতে বিদ্যুতের তার, স্পৃষ্ট হয়ে ব্যবসায়ী নিহত

নিহত আনোয়ারে পূর্ণ ঠিকানা এখনো জানা যায়নি, বিস্তারিত জানার চেষ্টা চলছে।

রাজধানীর কদমতলির জুরাইন ঋষিপাড়া মেইন রাস্তায় বৃষ্টির পানিতে পড়ে থাকা বৈদ্যুতিক তারে বিদ্যুতস্পৃষ্ট হয়ে আনোয়ার হোসেন (৫৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ মে) দুপুর সাড়ে ১২টার দিকে এই ঘটনাটি ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা (পথচারী) তৈয়ব আলী বলেন, নিহত আনোয়ার হোসেন দুপুর সাড়ে ১২টার দিকে জুরাইন ঋষিপাড়া মেইন রাস্তা দিয়ে বৃষ্টির পানিতে হেঁটে যাচ্ছিলেন। এ সময় ওই পানিতে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন তিনি। পরে আমরা অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই, সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, নিহত আনোয়ারে পূর্ণ ঠিকানা এখনো জানা যায়নি, বিস্তারিত জানার চেষ্টা চলছে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তে জন্য ঢাকা মেডিক্যাল কলেজের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে।