রাজধানীর যাত্রাবাড়ী ফ্লাইওভার পাশে বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত। এই ঘটনায় মোহাম্মদ রফিক (৫০) নামের একজন আহত রয়েছেন।
নিহতরা হলেন, সিএনজির যাত্রী মোহাম্মদ ইমরান (৫০) ও চালক মোহাম্মদ শহিদুল (৪৮)।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে রাতে ইমরান ও শহিদুলকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত রফিককে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।
তাদেরকে হাসপাতলে নিয়ে আসা (গুলিস্তান হেডকোয়ার্টার) (ফায়ার সার্ভিসের লিডার) পবিত্র জানান, ‘যাত্রাবাড়ী ফ্লাইওভারের পাশে বাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে সিএনজির তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। পরে ঢাকা মেডিক্যালে নিয়ে এলে সিএনজি চালক সহ দুইজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। একজন চিকিৎসাধীন রয়েছেন।’
তিনি আরো জানান, নিহত ইমরান মোহাম্মদপুর সি-ব্লকের জেনেভা ক্যাম্পের ২৭২ নম্বর বাসার মোহাম্মদ আব্বাস আলীর সন্তান। অপর নিহত শহিদুল সিএনজির চালক। তার পরিচয় বিস্তারিত জানা যায়নি।
ঢাকা মেডিক্যালে কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে। এ ঘটনায় রফিক নামের একজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।’



