মতিঝিলে রাস্তা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরের দিকে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মতিঝিল থানাধীন ইডেন মসজিদে দক্ষিণ পাশের রাস্তার উপর থেকে আনুমানিক ৩৯ বছর বয়সী এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষণিক তার পরিচয় জানা যায়নি।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরের দিকে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) শাহরিয়ার পারভেজ বলেন, ‘আমরা খবর পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে মতিঝিলের ইডেন মসজিদের দক্ষিণ পাশে আলিফ জেনারেল স্টোরের সামনে রাস্তার উপর থেকে অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তির লাশ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়ার শেষে লাশের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।’

তিনি আরো জানান, আশপাশের লোকের মাধ্যমে জানতে পারি নিহত ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির নেশাগ্রস্ত ছিল। অসুস্থতাজনিত কারণেই তার মৃত্যু হয়েছে বলে আমাদের ধারণা। তবুও ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আমরা সিআইডি ক্রাইমসিনকে খবর পেয়ে দিয়েছি।’ প্রযুক্তির সহায়তায় তার নাম-পরিচয় শনাক্ত করা যাবে বলেও জানান তিনি।

নিহত ব্যক্তির পরনে ময়লাযুক্ত প্যান্ট ও শার্ট ছিল বলে জানান এ পুলিশ কর্মকর্তা।