নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এশিয়ান হাইওয়েতে ট্রাকের ধাক্কায় মো: আনোয়ার হোসেন নামে এক ভূমি কর্মকর্তা নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৪ মে) সকাল ৯টার দিকে উপজেলার জামপুর ইউনিয়নের মিরেরটিক বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের আনোয়ার হোসেন আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভার ভূমি সহকারী কর্মকর্তা। তিনি নারায়ণগঞ্জ সদর উপজেলার মাসদাইর এলাকায় বসবাস করেন।
এলাকাবাসী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে ভূমি কর্মকর্তা আনোয়ার হোসেন তার বাসা থেকে মোটরসাইকেলে করে তার কর্মস্থল আড়াইহাজারে যাচ্ছিলেন। পথে এশিয়ান হাইওয়ের সোনারগাঁওয়ে মিরেরটেক বাজার এলাকা অতিক্রমকালে পেছন দিক থেকে আসা গাউছিয়ামুখী একটি ট্রাক তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। হয়। এতে আনোয়ার মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই ট্রাকচালক ট্রাক রেখে পালিয়ে যান। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
নিহতের স্বজন ও সহকর্মীদের সূত্রে জানা গেছে, নিহত আনোয়ার হোসেন ১৯৯৬ সালে ভূমি বিভাগে চাকরিতে যোগ দেন। দীর্ঘ চাকরি জীবনে তিনি বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে আড়াইহাজার পৌর ভূমি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। এর আগে, তিনি সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নে দায়িত্ব পালন করেছিলেন।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শামীম শেখ নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। দ্রুত স্থান ত্যাগ করায় ঘাতক ট্রাকচালককে শনাক্ত করা হয়নি। তবে ট্রাক ও মোটরসাইকেলটি আমাদের হেফাজতে রয়েছে।’
আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।



