রাজধানীতে পৃথক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ নিহত ৪, আহত ২

ঘটনাস্থলেই সাজু আহমেদের মৃত্যু হয় এবং গুরুতর আহত অবস্থায় সুমাইয়াকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিজস্ব প্রতিবেদক
বাবার মৃত্যু হয় ঘটনাস্থলেই আর মেয়েকে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়
বাবার মৃত্যু হয় ঘটনাস্থলেই আর মেয়েকে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় |নয়া দিগন্ত

রাজধানীতে পৃথক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ চারজন নিহত এবং অপর দুইজন আহত হয়েছেন।

শুক্রবার (৬ মার্চ) রাতে সাইন্সল্যাব ও তেজগাঁওয়ে এ দুর্ঘটনা দু’টি ঘটে।

সাইন্সল্যাব মোড়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-মেয়ে নিহত হয়েছেন। তারা হলেন, সাজু আহমেদ সুমন (৪৫) ও তার মেয়ে সুমাইয়া আহমেদ তৃষা (১৯)।

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই আজু আহমেদের মৃত্যু হয় এবং গুরুতর আহত অবস্থায় সুমাইয়াকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সুমাইয়াকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মোহাম্মদ রুবেল জানান, ‘মোটরসাইকেলে করে বাবা ও মেয়ে যাওয়ার সময় সাইন্স ল্যাবরেটরি মোড়ে ট্রাকের ধাক্কায় দুইজনই ছিটকে পড়েন। এতে মেয়ের বাবার ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরে আমরা মেয়ে সুমাইয়াকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান জানান, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সাজু আহমেদের লাশ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য মেডিক্যালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাক ও চালককে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’

তিনি আরো জানান, ‘নিহত সাজু আহমেদ গণপূর্ত অফিস সেগুনবাগিচায় চাকরি করতেন বলে আমরা জানতে পেরেছি। তিনি দক্ষিণ শাজাহানপুরের ৭৯৪ নম্বরে ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন।’

অপরদিকে, তেজগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুই যাত্রী।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিএনজি অটোরিকশার চালক মো: আলিম (৪০) ও যাত্রী মো: হারুনুর রহমান (৩২)।

এ দুর্ঘটনায় হতাহতদের হাসপাতালে নিয়ে আসা নাবিল জানান, ‘হারুনুর রহমান স্ত্রী ও বোনকে সাথে নিয়ে রাত সাড়ে ১০টার দিকে সিএনজি অটোরিকশা করে বাসায় ফিরছিলেন। পথে তেজগাঁও শিল্পাঞ্চলের চ্যানেল আই অফিস এলাকায় ইউটার্নে আইল্যান্ডের সাথে ধাক্কা লেগে চালক ও যাত্রীরা গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক সিএনজিচালক আলিম ও যাত্রী হারুনুর রহমানকে মৃত ঘোষণা করেন। এ দুর্ঘটনায় আহত হারুনুর রহমানের স্ত্রী ও বোন জরুরি বিভাগে চিকিৎসাধীন।’

নিহত হারুনুর কিশোরগঞ্জের কটিয়াদী থানার দশ কাহানিয়া এলাকার হাবিবুর রহমানের সন্তান। মহাখালীতে পরিবার নিয়ে থাকতেন তিনি।