সবুজবাগে বিদ্যুৎস্পৃষ্টে নিরাপত্তাকর্মীর মৃত্যু

‘আমরা প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যুতিক খুঁটির আর্থিংয়ের তারের সাথে বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়েছে।’

নিজস্ব প্রতিবেদক
প্রতীকী ছবি

রাজধানীর সবুজবাগ থানা দক্ষিণ বাসাবো খেলার মাঠ এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ মোবারক হোসেন (৪৫) নামে এক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) ভোরের দিকে এ ঘটনাটি ঘটে।

সবুজঘাট থানার উপপরিদর্শক (এসআই) নরো উত্তম জানান, ‘আমরা খবর পেয়ে দক্ষিণ বাসাবো খেলার মাঠে বৈদ্যুতিক খুঁটির পাশ থেকে তার লাশ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যালের মর্গে পাঠানো হয়।’

তিনি আরো জানান, ‘আমরা প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যুতিক খুঁটির আর্থিংয়ের তারের সাথে বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়েছে। তবুও ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

নিহত মোবারকের ভাগ্নে সুমন জানান, ‘আমার মামা নিরাপত্তাকর্মীর কাজ করতেন। বেশ কিছুদিন কাজে না গেলে পারিবারিকভাবে আমার মামী পপি আক্তারের সাথে কথা কাটাকাটি হয়। তার পর থেকে বাসায় ঠিকমতো যাতায়াত করতেন না।’ মোবারক মাদকের সাথে জড়িয়ে যায় বলেও জানান তার ভাগ্নে।

মোবারক হোসেনের ছোট ছোট তিন মেয়ে ও এক ছেলে রয়েছে। তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার হোমনা উপজেলার ডুমুরিয়া গ্রামে। তিনি ওই গ্রামের মোঙ্গল মিয়ার ছেলে। বর্তমান সবুজবাগের দক্ষিণ বাসাবোর একটি ভাড়া বাসায় থাকতেন তারা।