ধানমণ্ডির এপেক্সে শোরুমের আগুন নিয়ন্ত্রণে

ধানমণ্ডি ২৭ নম্বরের এপেক্স শোরুমে লাগা আগুন ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে।

নয়া দিগন্ত অনলাইন
ধানমণ্ডির এপেক্সে শোরুমে আগুন
ধানমণ্ডির এপেক্সে শোরুমে আগুন |সংগৃহীত

রাজধানীর ধানমণ্ডি ২৭ নম্বরে এপেক্সের একটি শোরুমে আগুন লাগার প্রায় দুই ঘণ্টা পর তা নিয়ন্ত্রণে এসেছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর ১০টা ১৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দু’টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স (এফএসসিডি) সদর দফতরের মিডিয়া সেলের ওয়্যারহাউস পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, পরে আরো দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তাদের প্রচেষ্টায় দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে এ বিষয়ে অনুসন্ধান চলছে বলে জানিয়েছেন তিনি।

সূত্র : ইউএনবি