রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় অনেক হতাহতের আশঙ্কা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত একজন নিহতের কথা নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
এর আগে বিমানটির পাইলট নিহতের কথা বলা হলেও তিনি মারা যাননি বলে পরে জানানো হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান বিমান দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে। কিছুক্ষণ পরে উত্তরা মেট্রোরেল স্টেশনের প্রধান অফিসের পাশে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানটি বিধ্বস্ত হয়।
আইএসপিআর আরো জানায়, বিমানের পাইলট ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির। আজকেই তার প্রথম ফ্লাইট উড্ডয়ন ছিল। এ ঘটনায় তিনি গুরুতর হন। তাকে বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে সিএমএইচে এ নেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানটি কলেজের একটি ভবনের ওপর বিধ্বস্ত হয়। কিছুক্ষণের মধ্যে সেনাসদস্য ও ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে গিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের নিরাপদে সরিয়ে নেওয়ার কাজ শুরু করেন।
মাইলস্টোন কলেজের পদার্থ বিজ্ঞানের একজন শিক্ষক জানান, ঘটনার সময় তিনি কলেজের ১০ তলা ভবনের নিচে ছিলেন। দুপুর ১টার কিছু সময় পর বিমানটি বিধ্বস্ত হয়। এতে শিক্ষার্থীরা সেখানে আটকা পড়েন। দুর্ঘটনার পর কলেজের শিক্ষক ও কর্মচারীরা শিক্ষার্থীদের উদ্ধারে ছুটে যান। কিছু সময় পরেই সেনাবাহিনীর সদস্যরা আসেন। পরে ফায়ারসার্ভিসের কর্মীরাও উদ্ধার অভিযানে যোগ দেন।
ওই শিক্ষক জানান, তিনি নিজেও একজন আহত শিক্ষার্থীকে ভবনটি থেকে বের করে আনেন। এছাড়া আরও বেশ কয়েকজন শিক্ষার্থী ও একজন নারী শিক্ষককে দগ্ধ অবস্থায় দেখেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। কেউ কেউ জানিয়েছে, ক্যাম্পাসে বিমান ক্র্যাশ করেছে। এতে বিল্ডিংয়ের কিছুটা ক্ষতি হয়। ওই সময় বাচ্চাদের ক্লাস চলছিল বলেও জানা গেছে।
তবে ভিডিওটির বিষয়ে আর বিস্তারিত কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।
এই বিষয়ে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে ডিউটি অফিসার লিমা খানম বলেন, আমরা দুপুর ১টা ১৮ মিনিটে সংবাদ পেয়েছি যে উত্তরা মাইলস্টোন কলেজের কাছে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। ঘটনাস্থলে উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর, পূর্বাচল ফায়ার স্টেশনের ৮টি ইউনিট কাজ করছে। তবে এই বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য আমাদের কাছে এই মুহূর্তে নেই।
এদিকে, উদ্ধার তৎপরতা ও আইনশৃঙ্খলা রক্ষায় যোগ দিয়েছে ২ প্লাটুন বিজিবি।



