মাদারীপুরে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর ১টার দিকে সদর উপজেলার বাহাদুরপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের কালিরবাজার এলাকার রফিকুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (৩২) এবং রাজৈরের ইসিবপুর ইউনিয়নের সোনাপাড়া এলাকার পান্না খানের ছেলে নাজমুল খান (১৬)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সদর উপজেলার শ্রীনদী এলাকা থেকে মোটরসাইকেলে করে সাইফুল ইসলাম ও নাজমুল খান মাদারীপুর শহরের দিকে আসছিলেন। মাঝপথে বাহাদুরপুর এলাকায় আসলে সামনে থেকে আসা একটি ট্রাকের সাথে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে ট্রাকের চাকার নিচে পড়ে যান দুই মোটরসাইকেল আরোহী। গুরুতর অবস্থায় দু’জনকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আইনগত ব্যবস্থা নেয়া হবে।



