রাজধানীর ভাটারা থানাধীন ১০০ ফিট এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেলআরোহী সাজ্জাদ হোসেন রাব্বী (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত সাজ্জাদ কাপড়ের দোকানের কর্মচারী।
শুক্রবার (২১ আগস্ট) সকাল ১০টায় এ দুর্ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বেলা সাড়ে ৩টায় মৃত ঘোষণা করেন।
নিহতের বোন শম্পা আক্তার জানান, আমার ভাই পেশায় একজন কাপড়ের দোকানের কর্মচারী, সকাল ১০টার দিকে মোটরসাইকেল চালিয়ে দোকানে যাওয়ার সময় ভাটারা থানার বসুন্ধরা ইউনাইডেট হাসপাতালে ১০০ ফিট এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল রাস্তায় ছিটকে পড়ে আহত হয়। পরে পথচারীরা উদ্ধার করে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যায়, পরে আমরা খবর পেয়ে আমার ভাইকে সেখান থেকে চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতালে নিয়ে যাই। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক আমার ভাইকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, আমাদের নিজ বাসা মহাখালী মধ্যপাড়া জিপি/গ-৮৯/১ এলাকায়। বাবা শাহজাহান গাজী।
আমরা তিন বোন এক ভাই।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবগত করা হয়েছে।
তিনি আরো জানান, ঘাতক প্রাইভেটকারটি জব্দ করে থানার হেফাজতে রাখা হয়েছে।



