রাজধানীর উত্তরার মহাসড়কে বালু-বোঝাই ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে সড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দরের বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে শনিবার (১৫ আগস্ট) মধ্যরাতে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে বিআরটি লেনের উভয় পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।
সরেজমিনে দেখা যায়, স্কলাস্টিকা স্কুলের ঠিক সামনের সড়কেই এই দুর্ঘটনা। দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি মহাসড়কে পূর্ব-পশ্চিম দিকে আড়াআড়ি হয়ে পড়ে আছে। প্রাইভেটকারের সামনের অংশ ভেঙ্গে একাকার হয়ে গেছে। পেছনের অংশ সড়ক বিভাজকের লোহার সাথে লেগে ভেঙ্গে রয়েছে। অপরদিকে ট্রাকটির সামনের এক্সেল ও দুই চাকা ভেঙ্গে পড়ে আছে। সেই সাথে চেসিসও বাঁকা হয়ে রয়েছে।
দুর্ঘটনার পর আশেপাশের লোকজন ট্রাকে থাকা মো: সেলিম নামের একজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছে। ঘটনাস্থলে হতাহত কাউকে পাওয়া যায়নি। বিমানবন্দর থানা পুলিশ ও ট্রাফিক পুলিশ সদস্যরা দুর্ঘটনাকবলিত গাড়ি দু’টি রেকারের মাধ্যমে সরিয়ে নেন।
আটক সেলিম বলেন, ‘আমি ঢাকায় কাজের জন্য আসছি। ট্রাকের হেলপার রাকিব আমার পরিচিত, তাই তার সহযোগিতায় ট্রাকে করেই ঢাকা ঢুকছিলাম। পরে বিমানবন্দর এলাকায় আমাদের সামনের দিক থেকে আসা প্রাইভেটকার আরেকটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে মুখোমুখি লাগিয়ে দেয়।’
তিনি বলেন, ‘দুর্ঘটনার পরপরই ট্রাকের হেলপাড় ও ড্রাইভার পালিয়ে যায়। পরে আমি ট্রাক থেকে নামার সময় লোকজন ধরে পুলিশে দেয়।’
সেলিম বলেন, ‘লালমনিরহাটের বুড়িমারি থানার পাটগ্রাম এলাকা থেকে বালু-বোঝাই করে ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকায় নিয়ে যাচ্ছিল।’
প্রত্যক্ষদর্শী সঞ্জয় হালদারবলেন, ‘আমি অফিস থেকে বাসায় যাওয়ার সময় দেখি ঢাকাগামী একটি ট্রাক বিআরটি উড়াল সেতু থেকে বেপরোয়া গতিতে নেমে সামনের দিক থেকে আসা গাজীপুরগামী একটি প্রাইভেটকারকে মুখোমুখি মেরে দেয়। পরে প্রাইভেটকারের চালক ও যাত্রীদের সাথে সাথে উদ্ধার করে হাসপাতালে পাঠায় জনতা।’
ঘটনাস্থলে থাকা বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। এসে হতাহত কাউকে পাইনি। বাসে থাকা সেলিম নামের একজনকে আটক করা হয়েছে।’
অপরদিকে ডিএমপির ট্রাফিক পুলিশের সার্জেন্ট নোমান বলেন, ‘আমি নাইট ডিউটিতে ছিলাম। বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে এসে আহতদের কাউকে কাউকে পাইনি। কোনো নিহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনাকবলিত প্রাইভেটার ও ট্রাকটি রেকারের মাধ্যকে সরিয়ে দেয়া হয়েছে।’



