ঢাকার ধামরাইয়ে ট্রাকচাপায় মাহিম নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) উপজেলার নান্নার ইউনিয়নের ধাইরা এলাকায় ব্রিজের উপর এ ঘটনা ঘটে।
নিহত মাহিম ওই ইউনিয়নের গোপাল কৃষ্ণপুর গ্রামের মো: এখলাচের ছেলে এবং আশাবোন স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয়রা জানায়, মাহিম স্কুলে যাওয়ার সময় ধাইরা ব্রিজের উপর ইটবোঝাই ট্রাকচাপায় ঘটনাস্থলে নিহত হয়।
ধামরাই উপজেলা জিয়া পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মো: শামীম হোসেন জানান, ইটভাটার ট্রাকটি বেপরোয়া গতিতে যাওয়ার সময় ধাইরা ব্রিজের মধ্যে মাহিমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) মো: আজাহারুল হক বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন করেছি। তবে ঘাতক ট্রাকের চালক পালিয়ে গেছেন। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’



