রাজধানীর উত্তর বাড্ডায় একটি নির্মাণাধীন ভবনের পঞ্চম তলা থেকে নিচে পড়ে মোহাম্মদ নাজমুল হোসেন (২৮) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে এই ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক দুপুর দেড়টার দিকে মৃত ঘোষণা করেন।
নাজমুলের গ্রামের বাড়ি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার সানন্দবাড়ী গ্রামে। তিনি ওই নির্মাণাধীন ভবনেই থাকতেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা তার খালাতো ভাই জয়নুল আবেদীন জানান, নাজমুল রড মিস্ত্রি। উত্তর বাড্ডার পূর্বাচল ২৫ নম্বর রোডের একটি ভবনের পঞ্চম তলায় নির্মাণকাজ করার সময় হঠাৎ নিচে পড়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক জানান, লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে।



