ফটিকছড়িতে গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু

গাছ কাটার একপর্যায়ে অসাবধানতাবশত একটি বৈদ্যুতিক তারের সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামাল আহত হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা

Location :

Fatikchhari
দিনমজুর মো: জামাল
দিনমজুর মো: জামাল |নয়া দিগন্ত

চট্টগ্রামের ফটিকছড়িতে গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো: জামাল (২৬) নামে এক দিনমজুর যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (১৩ জুলাই) সকালে উপজেলার নাজিরহাট পৌরসভার রোসাংগিরি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জামাল উপজেলার ভূজপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কাজিরহাট আছিয়ার চা বাগান (৩ নম্বর লাইন) এলাকার মনু মিয়ার ছেলে। তিনি দৈনিক মজুরির ভিত্তিতে গাছ কাটার কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে জামাল নাজিরহাট পৌরসভার রোসাংগিরি এলাকায় গাছ কাটার কাজ করতে যান। গাছ কাটার একপর্যায়ে অসাবধানতাবশত পাশে থাকা পিডিবির ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন একটি বৈদ্যুতিক তারের সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​স্থানীয় ব্যবসায়ী মো: জামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গাছ কাটার সময় অসতর্কতাবশত বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসায় এই দুর্ঘটনা ঘটে।

​ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, ‘ঘটনাটি জানার পরপরই আমরা সেখানে পুলিশের একটি টিম পাঠিয়েছি। এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।’