রাজধানীতে ট্রান্সফরমারের স্পার্ক থেকে বাসায় আগুন : ছেলের মৃত্যু, বাবা-মা দগ্ধ

বৃহস্পতিবার (২১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে হরিচরণ রোডের একটি ভবনের দ্বিতীয় তলায় এ আগুন লাগে।

নিজস্ব প্রতিবেদক
দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়
দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয় |ফাইল ছবি

রাজধানীর গেন্ডারিয়ায় বিদ্যুতের ট্রান্সফরমারের স্পার্ক থেকে একটি ফ্ল্যাটে আগুন লেগে ছেলের মৃত্যু হয়েছে এবং মা-বাবা দগ্ধ অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে হরিচরণ রোডের একটি ভবনের দ্বিতীয় তলায় এ আগুন লাগে।

এ ঘটনায় দগ্ধরা হলেন, মোসলেম উদ্দিন (৬৫), তার স্ত্রী সালমা বেগম (৫০) ও ছেলে মেজবাহ উদ্দিন (২৬)। তাদের আজ শুক্রবার ভোরের দিকে পরিবারের সদস্যরা উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে যায়। এদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মেজবাহ উদ্দিনের মৃত্যু হয়।

দগ্ধদের মেয়ে তাসনুভা তাবাসসুম বলেন, ‘বাসার বারান্দার পাশে একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার বসানো ছিল। রাতের বৃষ্টির সময় ট্রান্সফরমার থেকে স্পার্ক হয়ে আগুনের স্ফুলিঙ্গ ঘরের ভেতরে প্রবেশ করলে মা-বাবা ও ভাই দগ্ধ হন।’

জাতীয় বার্ন ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত আবাসিক সার্জন ডা: সুলতান মাহমুদ শিকদার বলেন, ‘মোসলেম উদ্দিনের শরীরে ৯০ শতাংশ, তার স্ত্রী সালমা বেগমের শরীরে ৫৫ শতাংশ এবং ছেলে মেজবাহ উদ্দিনের শরীরে ১০০ শতাংশ দগ্ধ হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের হাই ডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ওই দম্পতির একমাত্র ছেলে মেজবাহউদ্দিনের মৃত্যু হয়। দগ্ধের মাত্রা বেশি হওয়ায় অন্য দুজনের অবস্থাও আশঙ্কাজনক। দগ্ধদের শ্বাসনালি পুড়ে গেছে। প্রয়োজনে যেকোনো সময় তাদের আইসিইউতে স্থানান্তর করা হতে পারে।’