মুগদায় নিজ প্রতিষ্ঠানের বাসের চাপায় পোশাকশ্রমিক নিহত

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মুগদা থানার মুগদা মেডিক্যালের সামনে নিজ প্রতিষ্ঠানেরই একটি স্টাফ বাসের ধাক্কায় নয়ন মনি (৪৫) নামের একজন পোশাকশ্রমিক নিহত হয়েছেন।

রোববার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

মুগদা থানার উপপরিদর্শক (এসআই) আবু তারেক (দিপু) জানান, ‘আমরা খবর পেয়ে মুগদা মেডিক্যাল কলেজের জরুরি বিভাগ থেকে ওই নারীর লাশ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

তিনি আরো জানান, ‘আমরা জানতে পেরেছি নিহত নয়ন মনি একটি গার্মেন্টসে চাকরি করতেন। গার্মেন্টসের ছুটি শেষে ওই গার্মেন্টসের স্টাফ বাসে মুগদা মেডিক্যালের সামনে নেমে রাস্তা পারাপারের সময় ওই বাসেরই চাপায় তিনি গুরুতর আহত হন, পরে তাকে মুগদা মেডিক্যালে নেয়া হলে ওখানেই তার মৃত্যু হয়।’

এ ঘটনায় বাসটি জব্দ এবং এর চালককে আটক করা হয়েছে বলে জানান তিনি।

নিহতে স্বামী আব্দুল হামিদ জানান, ‘আমার স্ত্রী মাতুয়াইল এলাকায় একটি গার্মেন্টসে চাকরি করত। গার্মেন্টস ছুটির পর স্টাফ বাসে এসে সবাই মুগদায় নেমে রাস্তা পারাপার সময় ওই বাসই আমার স্ত্রীকে চাপা দিলে তার মৃত্যু হয়।’

তিনি আরো জানান, ‘নয়ন মনি ফরিদপুর জেলার পালং থানার বুয়ারপুর গ্রামের আব্দুল হকের মেয়ে। বর্তমানে আমরা মুগদা আরব বেকারির গলিতে ইউনুস সাহেবের বাড়িতে থাকি। আমাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।’