রাজধানীর যাত্রাবাড়ীর জুরাইন ঘুন্টিঘর এলাকায় লেগুনা ও বাহাদুর শাহ মিনিবাসের সাথে মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। নিহতরা হলেন মো: আজিজুল ইসলাম (৫৮) ও সাইফুল ইসলাম (৫৫)।
আজ সোমবার সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ১০টার দিকে তাদের মৃত ঘোষণা করেন।
তাদের হাসপাতালে নিয়ে আসা পথচারী মোহাম্মদ খোকন জানান, জুরাইন ঘুন্টিঘর এলাকায় লেগুনা ও বাহাদুর শাহ বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় দু’জন গুরুতর আহত হন। পরে আমরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে আসি। কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, নিহত আজিজুল ইসলাম প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন। তার বাসা ৩৩/১২ নম্বর সতীশ সরকার রোড এলাকায়। তিনি এম এ সালাম মৃধার ছেলে। আর নিহত সাইফুলের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলায়। তিনি লোকমান খোন্দকারের ছেলে। বর্তমানে গেন্ডারিয়ার ডি আই টি মসজিদ এলাকার একটি বাসায় পরিবার নিয়ে থাকতেন। নিহত সাইফুল তিন মেয়ের বাবা ছিলেন। একটি মোটর পার্টসের কোম্পানিতে চাকরি করতেন তিনি।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে।



