রাজধানীতে কংক্রিট মিক্সার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে শোরুমে, চালক নিহত

নিহতের বাড়ি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার আশতলা পাড়া গ্রামে। তিনি ওই এলাকার মোহাম্মদ আজিজুল হকের ছেলে। তিনি রাজধানীর পূর্বাচল পাতিরা এলাকায় থাকতেন।

নিজস্ব প্রতিবেদক
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল |সংগৃহীত

রাজধানীর বাড্ডার লিংক রোড প্রগতি সরণি এলাকায় আকিজ কোম্পানির কংক্রিট মিক্সার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি রেমন্ড টেইলার্সের শোরুমের ওপরে উঠিয়ে দিলে সাইদুর রহমান (৩৫) নামের ওই ট্রাকচালক নিহত হয়েছেন।

বুধবার (২০ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের সহকর্মী ইমরুল কায়েস জানান, নিহত আকিজ কোম্পানির কংক্রিট মিক্সার ট্রাক চালক ছিল। ভোরে নিয়ন্ত্রণ হারিয়ে রেমন্ড টেইলার্সের শোরুমের ওপরে উঠিয়ে দিলে এতে গুরুতর আহত হন সাইদুর রহমান। পরে আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। পরে সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, নিহতের বাড়ি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার আশতলা পাড়া গ্রামে। তিনি ওই এলাকার মোহাম্মদ আজিজুল হকের ছেলে। তিনি রাজধানীর পূর্বাচল পাতিরা এলাকায় থাকতেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো: ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে।