মিরপুরে বাণিজ্যিক ভবনে আগুন : হাসপাতালে ২ জনের মৃত্যু

শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে দুজনের মৃত্যু হয়। তাদের মধ্যে একজন পুরুষ আর অপরজন নারী।

নয়া দিগন্ত অনলাইন
উদ্ধার তৎপরতা
উদ্ধার তৎপরতা |ছবি : ফায়ার সার্ভিস

রাজধানীর মিরপুর-২ নম্বরে এলএ প্লাজা নামের একটি বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়েছে। আগুন লাগার পর ১১ তলা ভবনটি থেকে ২৪ জনকে উদ্ধার করে ফায়ার সার্ভিস।

শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে দুজনের মৃত্যু হয়। তাদের মধ্যে একজন পুরুষ আর অপরজন নারী।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সোমবার (৯ মার্চ) দুপুর ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর পায় তারা। পরে ছয়টি ইউনিটের চেষ্টায় বেলা ৩টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের মিরপুর স্টেশনের কর্মকর্তা শাজাহান সিরাজ সাংবাদিকদের বলেন, মিরপুর-২ নম্বরে অবস্থিত ১১তলা একটি বাণিজ্যিক ভবনের তৃতীয় তলায় আগুন লাগে। আগুন লাগার পর ভবনের ভেতরে থাকা অনেকেই ছাদে উঠে যান। কেউ কেউ বিভিন্ন তলায় আটকা পড়েন।

তিনি আরো বলেন, টার্ন টেবল ল্যাডার (টিটিএল) ব্যবহার করে ভবনের ছাদ ও বিভিন্ন তলা থেকে ১৪ জন পুরুষ ও ১০ জন নারীকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে চার ও পাঁচতলার মাঝামাঝি সিঁড়ি থেকে একজন নারী ও একজন পুরুষকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তারা ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছিলেন।

মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আহসান সোহেল জানান, ‘হাসপাতালে দুজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ব্যক্তিটির নাম রাকিব হাসান। মারা যাওয়া নারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে।’