রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা সেতুর নিচে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে পিংকি খাতুন (৩২) নামের এক নারী আরোহীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) রাত ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত পিংকি খাতুন নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার রামারবাগ এলাকার রাজিবের স্ত্রী।
নিহতের ভাই জাহিদ জানান, রাতে পিংকি অটোরিকশায় করে যাওয়ার সময় পোস্তগোলা সেতুর নিচে পৌঁছালে হঠাৎ চাকার সাথে তার ওড়না পেঁচিয়ে যায়। এতে গলায় ফাঁস লেগে তিনি রিকশা থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।



