ঢাকার কেরানীগঞ্জ মডেল টাউনের একটি বহুতল ভবনের সাততলায় এসি বিস্ফোরণে একই পরিবারে চারজন বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারা হলেন মোহাম্মদ মামুন (৪৫), তার স্ত্রী লাকি আক্তার (৩৮) এবং তাদের ছেলে মিহাদ (১৬) ও সিয়াম (১২)।
আজ শনিবার দুপুরে চারজনকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ভর্তি করেন।
আহত মোহাম্মদ মামুনের শালিকা ফারিয়া হাসান জানান, কেরানীগঞ্জ মডেল টাউনের ১২তলা ভবনের আটতলায় আমার দুলাভাই ও আপা পরিবার নিয়ে থাকেন। রাত ২টার দিকে সাততলার একটি রুমে এসি বিস্ফোরণ হয়ে ধোঁয়ায় আমার দুলাভাই, আপা, দুই ভাগিনা অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের উদ্ধার করে প্রথমে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগেনিয়ে গেলে চিকিৎসক ভর্তি করেন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভারপ্রাপ্ত আবাসিক সার্জন ডা: সুলতান মাহমুদ শিকদার জানান, কেরানীগঞ্জ মডেল টাউন থেকে এসি বিস্ফোরণে চারজন অসুস্থ হয়ে আমাদের এখানে এসেছে, তাদের ইনহাল্যুশন ইনজুরি রয়েছে। তাদের জরুরি বিভাগের অবজারভেশনে রাখা হয়েছে। যেহেতু ধোঁয়ায় শ্বাসনালীতে ইনজুরি হয়েছে ২৪ ঘণ্টা না গেলে কিছুই বলা যাবে না বলেও জানান তিনি।



