‘চোখের সামনেই মারা গেল আমার বন্ধু’

‘আগুন ধরা প্লেনটা আমার চোখের সামনেই বিল্ডিংয়ে আঘাত করছে। আমার একটা বেস্ট ফ্রেন্ড, যে পরীক্ষার হলে আমার সাথেই ছিল। আমার চোখের সামনেই ও মারা গেছে।’

নয়া দিগন্ত অনলাইন
ফারহান হাসান
ফারহান হাসান |ইউএনবি

পরীক্ষা শেষে শ্রেণিকক্ষ থেকে বের হয়ে বন্ধুদের সাথে কথা বলছিল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ফারহান হাসান। এর মধ্যে স্কুলটির একটি ভবনে আছড়ে পড়ে আগুন ধরে যাওয়া বিমানটি। আর এ ঘটনায় ঝরে যায় ৩১টি প্রাণ, যার প্রায় সবাই শিক্ষার্থী।

ফারহান বলে, ‘আগুন ধরা প্লেনটা আমার চোখের সামনেই বিল্ডিংয়ে আঘাত করছে। আমার একটা বেস্ট ফ্রেন্ড, যে পরীক্ষার হলে আমার সাথেই ছিল। আমার চোখের সামনেই ও মারা গেছে।’

এ দুর্ঘটনায় ১৬৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

ওই ঘটনার কিছু ভিডিওতেও স্কুলটির একটি দোতলা ভবনের নিচতলায় বিধ্বস্ত বিমানটিতে আগুন জ্বলতে ও ধোঁয়া উড়তে দেখা যায়। পরে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে। সেইসাথে চলতে থাকে উদ্ধার তৎপরতা।

প্রত্যক্ষদর্শী ফারহান বলে, ‘স্কুল গেটের ভেতরে অনেক গার্ডিয়ান দাঁড়িয়ে ছিল, আর ছোটরা বের হচ্ছিল ছুটির টাইমে। তখন গার্ডিয়ানদেরসহ আছড়ে পড়েছে।’

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক রেজাউল ইসলাম বলেন, ‘স্কুল ছুটি হবে হবে-এমন সময় বিমানটা সরাসরি জুনিয়র সেকশনের বিল্ডিংয়ে আঘাত করে।’

আরেক শিক্ষক মাসুদ তারিক বলেন, ‘আমি বিস্ফোরণের শব্দ শুনে যখন পেছনে ঘুরে তাকালাম, কেবল আগুন আর ধোঁয়া দেখছিলাম… সেখানে অনেক গার্ডিয়ান ও শিশুরা ছিল।’

দুর্ঘটনার পর হতাহতদের উদ্ধারে সেনাবাহিনী, ফায়ার সার্ভিসের কর্মীসহ স্বেচ্ছাসেবীরা এগিয়ে আসেন।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে জানানো হয়েছে, শিশুসহ প্রায় ৫০ জনের বেশি মানুষকে দগ্ধ অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে।

এ সময় হাসপাতালের ভেতর ও বাইরে স্বজনদের ভিড় দেখা যায়। শাহ আলম নামে এক ব্যক্তি তার ভাইকে জড়িয়ে কান্নাজড়িত কণ্ঠে বলছিলেন, ‘আমার ভাইপো এখন মর্গে’।

তার ভাইয়ের আট বছর বয়সী ছেলে তানভীর আহমেদ মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত শিক্ষার্থীদের মধ্যে একজন। মর্মান্তিক এই দুর্ঘটনায় হতাহতের মধ্যে বেশিভাগই শিশু, যাদের বয়স ১৪ বছরের মধ্যে।

দুর্ঘটনায় আহতদের জাতীয় বার্ন ইনস্টিটিউটসহ ঢাকার আরো সাতটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার।

এ ঘটনায় মঙ্গলবার (২২ জুলাই) পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক। এ উপলক্ষে বাংলাদেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে।

এর আগে, বিমান বিধ্বস্তের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বিমানের দুর্ঘটনার পর দেয়া এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, ‘আজ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানি ও আহতের ঘটনায় আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।’

তিনি বলেন, ‘এই ঘটনা শুধু বাংলাদেশ বিমানবাহিনীর জন্য নয়, এই শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে জড়িত ছাত্র-ছাত্রী, অভিভাবক, শিক্ষক, কর্মচারী ও বৃহত্তর জনগোষ্ঠীর জন্যও একটি অপূরণীয় ক্ষতি। এটি জাতির জন্য গভীর শোকের মুহূর্ত।’

দুর্ঘটনার পর এক বিবৃতিতে আন্তঃবাহিনী সংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, বিধ্বস্ত হওয়া বিমানটি ছিল বিমানবাহিনীর এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান। প্রশিক্ষণের কাজে ব্যবহৃত চীনের তৈরি এই যুদ্ধবিমান যান্ত্রিক ত্রুটির কারণে উত্তরার ওই স্কুল ভবনে আছড়ে পড়েছিল।

তারা আরো জানিয়েছে, সোমবার (২১ জুলাই) গতকাল দুপুর ১টা ৬ মিনিটে রাজধানীর কুর্মিটোলার বিমানবাহিনী ঘাঁটি এ কে খন্দকার থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর বিমানটি স্কুল ভবনের ওপর এসে বিধ্বস্ত হয়। দুপুর ১টা ১৮ মিনিটে এই খবর পায় বাংলাদেশের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ওই ঘটনায় পাইলট লেফটেন্যান্ট তৌকির আহমেদও নিহত হয়েছেন।

ঘটনাটি তদন্তে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। ইউএনবি