রাজধানীর যাত্রাবাড়ীতে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তারা হলেন রিপন (৪০), তার স্ত্রী ইতি (৩০) ও তাদের তিন বছরের মেয়ে রাফিয়া।
বুধবার দিবাগত রাত ২টার দিকে যাত্রাবাড়ী শহীদ ফারুক সড়ক খাদিমুল কুরআন মহিলা মাদরাসা গলির একটি ছয়তলা ভবনের নিচ তলায় এই দুর্ঘটনা ঘটে।
দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, রিপনের শরীরের ৭০ শতাংশ, ইতির ৪৫ আর শিশুটির ৯০ শতাংশ পুড়ে গেছে। তাদের সবার অবস্থায়ই আশঙ্কাজনক।



